মুজিবনগরে অসহায় বৃদ্ধ ব্যবসায়ীর পাশে দাড়ালো জামায়াত


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/১০/২০২৫, ১০:২৬ অপরাহ্ণ /
মুজিবনগরে অসহায় বৃদ্ধ ব্যবসায়ীর পাশে দাড়ালো জামায়াত
63

খাইরুল বাসার, মেহেরপুর সংবাদদাতা:

জীবনের শেষ প্রান্তে এসে কাঁধে ব্যাক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে পান–চুন বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বৃদ্ধ আবুল কাশেম (৭৫)। পিতা মৃত মুনছদ্দী আলীর এই মানুষটি গত ৫৪ বছর ধরে কঠোর পরিশ্রমে সংসার চালিয়ে আসছেন।

কিন্তু বয়সের ভারে এখন আর আগের মতো কাজ করা সম্ভব নয়। বিক্রি কমে গেছে, কখনো কখনো লাভ তো দূরের কথা, খালি হাতে বাড়ি ফিরতে হয়। ছোট সংসারে আছেন শুধু স্ত্রী। এক ছেলে ও এক মেয়ে নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত।

দীর্ঘদিন ধরে তার একটি ছোট স্বপ্ন চোখের চিকিৎসা করিয়ে কিছু বাদাম ও ছোলা কিনে গ্রামের স্কুলের পাশে বসে বিক্রি করবেন। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন অধরাই ছিল।

এই মানবিক গল্পটি জানতে পেরে পাশে দাঁড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখা।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার শিবপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আবুল কাশেমকে ক্ষুদ্র ব্যবসার জন্য বাদাম ও ছোলা কিনে দেওয়া হয় এবং চোখের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি জনাব আসলাম হোসেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জনাব জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব ফজলুল হক গাজী, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব আমির হোসেন এবং মোনাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি জনাব আসাদুল হক প্রমুখ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত আবুল কাশেম বলেন, “বয়স হয়েছে, আর আগের মতো কাজ করতে পারি না। কেউ আমার কথা ভেবে পাশে দাঁড়াবে এমনটা ভাবিনি। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।”

মুজিবনগর উপজেলা জামায়াতের নেতারা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব, আর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।