মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/০৪/২০২৬, ৭:৩২ অপরাহ্ণ /
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
56

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় এক নারীকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের ধাক্কামারা ক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী রূপালী বেগম।

সংবাদ সম্মেলনে রূপালী বেগম অভিযোগ করেন, গত ৩০ মার্চ সন্ধ্যায় প্রতিবেশী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা তার সীমানার ভেতরে থাকা সুপারি জোর করে নিতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে গালিগালাজ করা হয় এবং জোর করে টেনে তাদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়।

তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হচ্ছে। ঘটনার দিন দরজায় শব্দ শুনে জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে টিনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে হামলা চালায়।

রূপালী বেগম আরও জানান, অভিযুক্তদের মধ্যে রফিকুলের নাতি সিয়াম তাকে একাধিকবার হুমকি দেয়। একপর্যায়ে বাইরে বের হলে রফিকুল তার চুল ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের অন্য সদস্যরা মিলে তাকে মারধর করে।

তিনি দাবি করেন, আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তিনি রফিকুলের হাতে কামড় দিলে রফিকুল ছুরি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন এবং বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর উল্টো অভিযুক্তরা তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে সাবুল ও মাসুমের নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের পরিবার কারও কাছে কোনো টাকা দাবি করেনি বলেও দাবি করেন তিনি।

রূপালী বেগম বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আরঙ্গজেবের মাধ্যমে তার স্বামীর কাছে মীমাংসার নামে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে ন্যায়বিচার পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।