ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ: ৫% নয়, চাই ২০% প্রজ্ঞাপন


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৫:১২ অপরাহ্ণ /
ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ: ৫% নয়, চাই ২০% প্রজ্ঞাপন
41

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:

অন্তর্বর্তী সরকারের ঘোষিত ৫% প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% টার ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে জয়পুরহাটে শিক্ষক-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’ এই শ্লোগানে জেলার প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মণ্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস এবং নির্বাহী সদস্য মেহনাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। শিক্ষকরা শ্রেণিকক্ষে থাকার কথা, কিন্তু ন্যায্য দাবি আদায়ের জন্য আজ তারা রাজপথে নেমেছেন।”

তারা আরও বলেন, “৫% প্রজ্ঞাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ২০% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের টার ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি চাই। সরকার দ্রুত দাবি না মানলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”