ভাঙচুর-সংঘর্ষের পর এবার লাশ উদ্ধার, ফের আলোচনায় শেরপুরের দরবার


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০৯/২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ /
ভাঙচুর-সংঘর্ষের পর এবার লাশ উদ্ধার, ফের আলোচনায় শেরপুরের দরবার
49

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে কুখ্যাত দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দরবারসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত রিনি বেগমের শ্বশুরবাড়ি পাশের চরজঙ্গলদী গ্রামে, আর বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে।

প্রায় ৯ মাস আগে এ দরবারকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লী ও পীরের অনুসারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। সে ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে থানায় একাধিক মামলা হলেও উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় প্রায় দুমাস আগে মামলাগুলোর নিষ্পত্তি হয়। এরপর থেকে দোজা পীর ও তার অনুসারীরা দরবারে আর ফিরে আসেননি। ফলে জায়গাটি দীর্ঘদিন জনমানবশূন্য অবস্থায় ছিল।

রোববার দুপুরে দরবারসংলগ্ন ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে দেখতে পান, তৃতীয় তলায় বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ পড়ে আছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি দুদিন ধরে পড়ে ছিল এবং এতে পচন ধরেছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।