বুড়ি তিস্তা খননে বাধা অপসারণের দাবি কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ


Rastrerkotha প্রকাশের সময় : ০৯/১২/২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ /
বুড়ি তিস্তা খননে বাধা অপসারণের দাবি কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
21

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের সেচ সংকট নিরসন ও বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পের বাধা অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকেরা।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জলঢাকা-ডিমলা সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তাঁরা সড়ক অবরোধে অংশ নেন। এ সময় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে বক্তব্য দেন, শফিক হোসেন, জামাল, আরশাদ ইসলাম, দুলাল হোসেন, জয়নাল আলী, ফরিদ খান, সাব্বির হোসেনসহ আরও অনেকে।

স্থানীয় কৃষকেরা জানান, প্রায় ২২ বছর ধরে বুড়ি তিস্তা নদী খনন না হওয়ায় সেচ ক্যানেলগুলোর পানি সরবরাহ পুরোপুরি ব্যাহত হচ্ছে। এর ফলে কালিগঞ্জ মৌজা, গোলনা, বালাপাড়া, মীরগঞ্জ, খেরকাটি, ডিমলা সদর ইউনিয়ন, নাউতারা ও পচারহাট মৌজাসহ মোট ৭টি ইউনিয়নে চরম সেচ সংকট সৃষ্টি হয়েছে।

তারা বলেন, সেচ ক্যানেলের পানি থাকলে বিঘা প্রতি মাত্র ২০০ টাকায় সেচ দেওয়া যায়। কিন্তু ক্যানেলে পানি না থাকায় বিদ্যুৎ ও ডিজেল চালিত পাম্প ব্যবহার করতে হচ্ছে, এতে বিঘা প্রতি ২-২.৫ হাজার টাকা খরচ হচ্ছে।

কৃষকদের অভিযোগ, এতে উৎপাদন ব্যয় অসহনীয় হয়ে পড়েছে এবং অনেকেই জমি চাষ করতে পারছেন না।

বক্তারা বলেন, “বুড়ি তিস্তা নদী খননে একটি প্রভাবশালী মহল বাধা দিচ্ছে। এই বাধা দূর করে দ্রুত খনন কাজ শুরু করতে হবে।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, “বুড়ি তিস্তার জলাধার খনন প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে আছে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে এই কাজে বাধা প্রদান করছে।”

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলেপ্র তিবছর ২৬ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন, সাড়ে ১৫ কোটি টাকার জ্বালানি সাশ্রয়, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, “কাজটি কীভাবে শুরু করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।”