বন্ধ নয়, পরিকল্পিত অপপ্রচার-জনকণ্ঠের দাবি


Rastrerkotha প্রকাশের সময় : ০২/০৪/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ /
বন্ধ নয়, পরিকল্পিত অপপ্রচার-জনকণ্ঠের দাবি
142

নিজস্ব সংবাদদাতাঃ

দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এমন সংবাদকে ‘পরিকল্পিত অপপ্রচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশরূপান্তর, এনপিবিসহ কয়েকটি গণমাধ্যমে জনকণ্ঠকে জড়িয়ে “পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে” মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক শামীমা আতিকুল্লাহ খান বলেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময় জনকণ্ঠ শিল্প পরিবারের ভবনে বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন অবকাঠামোগত সংস্কার কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করা সম্ভব হয়নি।

তবে ইতোমধ্যে ১ এপ্রিল থেকে অফিসের কার্যক্রম ধাপে ধাপে পুনরায় শুরু হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে জনকণ্ঠের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক হয়ে যাবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। জনকণ্ঠকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এমতাবস্থায়, দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।