প্রাণের বিনিময়ে ২০ শিক্ষার্থীকে বাঁচানো সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর দাফন সম্পন্ন
Rastrerkotha
প্রকাশের সময় : ২২/০৭/২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ /
মো. রমজান আলী, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত দুর্ঘটনার সময় ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়া সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারীর জলঢাকায় বগুলা গাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ, সহকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে এই মহান শিক্ষিকাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে পুরো এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে। মাহরীন চৌধুরী মনছুর আলীর স্ত্রী। শরীয়তপুরের বধূ এই সাহসী শিক্ষিকা রেখে গেছেন দুই পুত্রসন্তান। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাগ্নি হিসেবেও পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে জলঢাকা ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মাহরীন চৌধুরীর সাহসিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :