পিআইও রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/০৪/২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ /
পিআইও রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ
167

যশোর সংবাদদাতাঃ

যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয় জনগণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং পরে তার কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পিআইও রঞ্জু দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করছেন। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ব্যক্তিদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

মানববন্ধনে বক্তারা জানান, বিভিন্ন সড়ক নির্মাণে নিম্নমানের কাজ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এছাড়া ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্প দেওয়ার অভিযোগও তোলা হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তার করে এসব অনিয়ম ধামাচাপা দেওয়া হচ্ছে। তারা অভিযোগের পক্ষে ছবি, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের কথাও জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।