পাঁচ-ছয় শতাংশ ভোট নিয়ে রাতারাতি ৫১% ভাববেন না: মির্জা ফখরুল 


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১১/২০২৫, ৪:১১ পূর্বাহ্ণ /
পাঁচ-ছয় শতাংশ ভোট নিয়ে রাতারাতি ৫১% ভাববেন না: মির্জা ফখরুল 
99

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “গত নির্বাচনে পাঁচ-ছয় শতাংশ ভোট পেয়েছেন লাফ দিয়ে ৫১ শতাংশ হয়ে যাবেন, এটা মনে করবেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ তাদের প্রতি জনগণের বিশ্বাস নেই।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পানির ন্যায্যতার দাবিতে আয়োজিত সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ ধর্মপ্রিয় হলেও ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। জামায়াতের অতীত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের কারণে জনগণ তাদের বিশ্বাস করে না।

ফখরুল আরও বলেন, পাকিস্তান আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় জামায়াতের নেতাদের ভূমিকা জনগণের মনে এখনও অম্লান। তিনি বলেন, “আমি মুক্তিযোদ্ধা হিসেবে স্পষ্টভাবে বলতে চাই ১৯৭১ সালে আপনারা শুধু বিরোধিতা করেননি, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছেন।”

এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত ২৮৬ কোটি টাকার রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি বন্ধ, সীমান্ত হত্যা, ফারাক্কা-তিস্তা নদীর পানি বিতরণ ও দেশের স্বার্থ সংক্রান্ত অন্যান্য ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন ফখরুল। তিনি সতর্ক করেন, “দলীয় ভেতরে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এছাড়া তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।