পাঁচবিবিতে স্ত্রীর সাথে অভিমান করে বাক প্রতিবন্ধী স্বামীর আত্মহত্যা


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০৪/২০২৬, ৭:১২ অপরাহ্ণ /
পাঁচবিবিতে স্ত্রীর সাথে অভিমান করে বাক প্রতিবন্ধী স্বামীর আত্মহত্যা
45

আমজাদ হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে ফরহাদ হোসেন (ফারুক) (৩৭) নামে এক বাক প্রতিবন্ধী ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন (ফারুক) ওই গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার ছোট ভাই মোঃ মোরসালিন ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে নিহতের নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, ফরহাদ হোসেন বাক প্রতিবন্ধী হওয়ায় স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় এক সপ্তাহ আগে তার স্ত্রী দুই কন্যা সন্তানসহ ঘরের আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে বাবার বাড়িতে চলে যান এবং পরবর্তীতে ঢাকায় অবস্থান নেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রীর প্রতি অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।