
আশরাফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পলাশবাড়ী উপজেলার ৭১টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ক্রয় ও স্থাপনে অনিয়ম এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের বিরুদ্ধে।
জানা যায়, নির্বাচনের আগে উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেওয়া হয়। সরকারি বরাদ্দের ১৬ লাখ টাকার মধ্যে, প্রতিটি কেন্দ্রে ক্যামেরার জন্য বরাদ্দ ছিল ৩৫,৪০০ টাকা।
তথ্যানুসন্ধানে দেখা গেছে, স্মার্ট হোম ১০৮০ পিক্সেল ক্যামেরার বাজার মূল্য প্রায় ৪ হাজার টাকা। এছাড়াও কিছু কেন্দ্রে ৩ থেকে ৫টি ক্যামেরা স্থাপন করা হলেও নিম্নমানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে শিক্ষকরা অভিযোগ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গোলেনু জানান, বিদ্যালয় থেকে প্রদত্ত উদ্বৃত্ত টাকা বিদ্যালয় উন্নয়নে ব্যবহার হবে।
অপরদিকে ইউএনও শেখ জাবের আহমেদ গণমাধ্যমকে বলেছেন, তিনি জেলা প্রশাসকের নির্দেশে ভোট কার্যক্রম সম্পন্ন করেছেন এবং তদন্ত প্রয়োজন হলে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন।
পলাশবাড়ীর সচেতন মহল দাবি করেছেন, তদন্তে প্রকৃত অনিয়ম ও অর্থ আত্মসাৎ প্রমাণিত হলে অভিযুক্ত ইউএনও-এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার রংপুর এবং গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।
আপনার মতামত লিখুন :