পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা


Rastrerkotha প্রকাশের সময় : ২৭/০১/২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ /
পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা
70

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে পঞ্চগড়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই মিছিল পঞ্চগড় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের আপামর জনগণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।