নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


Rastrerkotha প্রকাশের সময় : ২৭/০৪/২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ /
নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
44

আবুল কালাম নেত্রকোণা সংবাদদাতাঃ

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকার ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়। নিহত মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামের বাসিন্দা।

অপরদিকে, একই দিন দুপুরে খালিয়াজুরীর সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫০) বাড়ির সামনে থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে মারা যান। তিনি ওই গ্রামের নেকবর খার ছেলে।

এছাড়া দুপুর ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান শুভ মন্ডল নামে আরও এক শ্রমিক। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিগীর চর এলাকার আফিকুল মন্ডলের ছেলে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাদির হোসেন শামীম বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।