নেত্রকোণায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতা শোকজ


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/০৯/২০২৫, ৯:১৩ অপরাহ্ণ /
নেত্রকোণায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতা শোকজ
9

নেত্রকোনা জেলা সংবাদদাতা:

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন, বারহাট্টা সদর ইউনিয়নের সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়নের সভাপতি মতিউর রহমান, চিরগ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার (নয়ন), চিরগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ, চিরগ্রাম ইউনিয়নের যুগ্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্রো), চিরগ্রাম ইউনিয়নের সদস্য মোস্তফা কামাল।

দলীয় সূত্রে জানা গেছে, এ নেতাদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে বিষোদগার, উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নৈতিক অবক্ষয়ের মতো অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়, তাদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকায় পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, “দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। এজন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি জেলা বিএনপিকেও পাঠানো হয়েছে।”

অন্যদিকে, শোকজপ্রাপ্ত কয়েকজন নেতা বলেন, এখনই এ বিষয়ে মন্তব্য করতে চান না। পরে এ নিয়ে তারা বক্তব্য দেবেন।