তিন দফা দাবিতে এমপিও শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৫:৫২ অপরাহ্ণ /
তিন দফা দাবিতে এমপিও শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
8

সরকারের ৫% বাড়িভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, অরুনাভ সরকার অরুণ, হাসানুজ্জামান লাভলু, চন্দনা মহন্ত, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা জামায়াত আমির মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বক্তারা বলেন, “আন্দোলনের আট দিন পার হলেও সরকার এখনো ন্যায্য দাবি পূরণের কোনো আশ্বাস দেয়নি। আজ ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারি করা হলেও শিক্ষক সমাজ তা প্রত্যাখ্যান করেছে।”

তাঁরা আরও বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে বৈষম্য ও বঞ্চনা চলছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক-কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন।”

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত সপ্তাহে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আমাদের উপর হামলা চালায়। এটি শিক্ষকদের মর্যাদার চরম অবমাননা। আমরা ন্যায্য দাবি আদায়ে রাজপথ ছাড়ব না।”

তারা দাবি জানান, “আমাদের দাবি শুধু ভাতা নয়, এটি মর্যাদা ও ন্যায্যতার দাবি। অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।”

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ফুলবাড়ীসহ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রবিবারও পূর্ণ কর্মবিরতি পালিত হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি দ্রুত বাস্তবায়ন হলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি রোধ করা সম্ভব হবে।

গতকাল শনিবার ফুলবাড়ীর সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এক বৈঠকে সিদ্ধান্ত হয়, রবিবার সকাল ১১টায় শহীদ মিনারে সমবেত হয়ে র‌্যালি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ঢাকায় চলমান কেন্দ্রীয় আন্দোলনে যোগ দিতে ফুলবাড়ী থেকে কয়েকজন শিক্ষক ইতিমধ্যে রওনা হয়েছেন।