ডোমারে নিহত আ.লীগ নেতা জামিনুরের পরিবারকে সমবেদনা ও সহায়তা দিলেন সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিক


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৩/২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ /
ডোমারে নিহত আ.লীগ নেতা জামিনুরের পরিবারকে সমবেদনা ও সহায়তা দিলেন সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিক
46

নীলফামারী সংবাদদাতাঃ

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত জামিনুর রহমানের পরিবারের খোঁজখবর নিয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিক।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সাবেক এমপির এক প্রতিনিধি পশ্চিম সোনারায় এলাকায় জামিনুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় সাবেক এমপির পক্ষ থেকে পরিবারের হাতে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ এলাকায় একটি গণ্ডগোলের ঘটনায় জামিনুর রহমান মারধরের শিকার হন। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৩ মার্চ তিনি হাসপাতালে মারা যান বলে স্থানীয়দের দাবি।

তবে কর্তব্যরত চিকিৎসক জানান, জামিনুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
এ ঘটনায় জামিনুর রহমানের ছেলে বাদী হয়ে ডোমার থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মৃত জামিনুর রহমান ডোমার উপজেলার পশ্চিম সোনারায় এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।