ডিজিটাল কারচুপি রোধে হাতে ভোট গণনাসহ ছয় দফা দাবি ছাত্রদলের


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৯/২০২৫, ১১:০৮ অপরাহ্ণ /
ডিজিটাল কারচুপি রোধে হাতে ভোট গণনাসহ ছয় দফা দাবি ছাত্রদলের
7

রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ডিজিটাল কারচুপি প্রতিরোধে হাতে ভোট গণনাসহ ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল।

বুধবার দুপুরে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে পরামর্শ দেন।

ছাত্রদলের দাবিগুলো হলো, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বৈধ কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা, পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি, নির্বাচনে কালো টাকার প্রভাব রোধ ও আচরণবিধি পর্যবেক্ষণ।

ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন (আবির) বলেন, “ম্যানুয়াল ভোট গণনা সময়সাপেক্ষ হলেও জনবল বাড়ালে সময় কমানো সম্ভব। আমরা চাই সঠিকভাবে ভোট হোক। যদি তা না হয়, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে, নির্বাচন কমিশন স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান বলেন, “এটি কারো দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং আমরা নিজেরা বিচার-বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “ছাত্রদলের দাবিগুলো গুরুত্বপূর্ণ। একটি দাবি ছাড়া বাকি দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে। রাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন আন্তরিকভাবে কাজ করছে।”

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, “নির্বাচনটা যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যেত, তবে আরও অন্তর্ভুক্তিমূলক হতো। তবে আমরা চাই নির্বাচনটি গ্রহণযোগ্য হোক।”