টার্মিনাল চুক্তি বাতিলের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ


Rastrerkotha প্রকাশের সময় : ২০/১১/২০২৫, ৬:২৮ অপরাহ্ণ /
টার্মিনাল চুক্তি বাতিলের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
80

নিজস্ব সংবাদদাতাঃ

আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি বিদেশী কোম্পানির সঙ্গে করা টার্মিনাল চুক্তি বাতিলের দাবি তুলে বৃহস্পতিবার রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আরও পাঁচ বছর সময় লাগবে। এ পরিস্থিতিতে আগামী নির্বাচন নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য মেনে কাজ করতে হবে। তিনি বলেন, “আমরা চাই আগামী জাতীয় নির্বাচন প্রফেসর ইউনুস সরকারের অধীনেই হোক।”

তিনি অভিযোগ করেন, বিগত ১৫ মাসে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবি জানান তিনি। রাজনৈতিক কমিটমেন্ট ও জনসমর্থন ছাড়া গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে সাইফুল হক চট্টগ্রাম এবং কেরানীগঞ্জে দুটি কন্টেইনার টার্মিনাল বিদেশী কোম্পানির কাছে দেওয়ার চুক্তিকে “জাতীয় স্বার্থবিরোধী” বলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক দরপত্র ছাড়াই তড়িঘড়ি করে এসব চুক্তি করা হচ্ছে এবং বিষয়টি গোপন রাখা হয়েছে।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। বন্দর দেশের অর্থনীতির লাইফ লাইন। এটি জনগণের নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেওয়ার কথা।”

তিনি আরও প্রশ্ন তোলেন—“অন্তর্বর্তী সরকারের মেয়াদ অল্প দিনের। ভবিষ্যতে এই চুক্তি নিয়ে সমস্যা হলে জবাবদিহি করবে কে?”

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির সদস্য সিকদার হারুন মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতারা।