ঝালকাঠি-২ আসনে এবি পার্টির প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/১০/২০২৫, ১:২৮ অপরাহ্ণ /
ঝালকাঠি-২ আসনে এবি পার্টির প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা
59

ঝালকাঠি সংবাদদাতা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেখ জামাল বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের দায়িত্ব দেশকে পুনর্গঠন করা। ঝালকাঠিকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। আমরা ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের সেবা চাই।”

তিনি আরও বলেন, “এবি পার্টি মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্যের রাজনীতি করে। আমি ঝালকাঠির জনগণের সেবায় নিয়োজিত হতে চাই। আসন্ন নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে ঝালকাঠিকে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার সুযোগ দিন।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির নেতা জামাল হোসেন ও রেজাউল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল লতিফ হাওলাদার, সদস্য সচিব শেখ মিজানুর রহমান এবং ছাত্রপক্ষের নেতা ইয়াছিন সরদার।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ঢাকার পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টি প্রাথমিকভাবে ১০৯টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সেই তালিকা প্রকাশ করেন, যার মধ্যে ঝালকাঠি-২ আসনের প্রার্থী হিসেবে শেখ জামালের নামও ঘোষণা করা হয়।