জামায়াতের ঢাকামুখী মহাসমাবেশ, রিজার্ভ ১০ হাজার বাস


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/০৭/২০২৫, ৫:২৮ পূর্বাহ্ণ /
জামায়াতের ঢাকামুখী মহাসমাবেশ, রিজার্ভ ১০ হাজার বাস
29

রাষ্ট্রের কথা ডেস্ক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বড় পরিসরে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই আয়োজিতব্য এই সমাবেশে কমপক্ষে ১০ লাখ লোকের উপস্থিতির আশা করছে দলটি। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে চালানো হচ্ছে জোরালো প্রচারণা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে। লঞ্চ ও ট্রেনের ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী অংশ নেবেন এবং সমাবেশ হবে দলের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত।

তিনি আরও জানান, সমাবেশের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অন্তত ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এসব স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের যাতায়াত, যানবাহন চলাচল, পার্কিং এবং ভিড় নিয়ন্ত্রণে কাজ করবেন।

ডিএমপির সঙ্গে জামায়াতের বৈঠক

জাতীয় সমাবেশ সফল করতে ১৫ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টা থেকে সোয়া ঘণ্টাব্যাপী রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে বৈঠক করে জামায়াতের একটি সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে সমাবেশের নিরাপত্তা, যানবাহন চলাচল ও সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অ্যাডভোকেট জুবায়ের সাংবাদিকদের বলেন,

“আমরা শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী সমাবেশ করতে চাই। পুলিশের সঙ্গে সমন্বয় করে সকল ব্যবস্থা গ্রহণ করছি। ডিএমপির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সমাবেশ বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বরও পুলিশের কাছে সরবরাহ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত জামায়াতের প্রতিনিধি দল  অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (দলের পক্ষে নেতৃত্ব দেন), ড. শফিকুল ইসলাম মাসুদ – কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, ড. রেজাউল করিম – কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, মো. দেলাওয়ার হোসেন – কেন্দ্রীয় শূরা সদস্য, সহকারী সেক্রেটারি, ঢাকা দক্ষিণ, অ্যাডভোকেট আতিকুর রহমান – বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, মোহাম্মদ কামাল হোসেন – সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, আবদুস সাত্তার সুমন – সহকারী প্রচার সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ।

ডিএমপির পক্ষে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম – অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন), বৈঠকে সভাপতিত্ব করেন, মো. শহীদুল্লাহ – যুগ্ম কমিশনার (অপারেশন), গৌতম কুমার বিশ্বাস – উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মাসুদ আলম – উপ-পুলিশ কমিশনার, রমনা জোন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।