জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জমকালো শ্রমিক সমাবেশ


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/১১/২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ /
জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জমকালো শ্রমিক সমাবেশ

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি ছাদের হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াত সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম প্রমুখ

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রেজাউল ইসলাম ও পরিচালনা করেন সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল ।

বক্তারা বলেন, শ্রমিক সমাজ দেশের উৎপাদন ব্যবস্থার প্রাণশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

তারা আরও বলেন, নানা বাধা ও দমননীতি সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে নেই। দেশের রাষ্ট্রীয় ও সামাজিক পরিসরে ইসলামী শ্রমনীতি প্রবর্তনের মাধ্যমে প্রকৃত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহবান জানান বক্তারা।

সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। র‍্যালি ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিশাল এই জনসমাগমে স্কুল মাঠ যেন পরিণত হয় শ্রমিকদের দাবির এক মিলনমেলায়।