জলঢাকায় পৌর জামায়াতের নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/১১/২০২৫, ৩:১৪ অপরাহ্ণ /
জলঢাকায় পৌর জামায়াতের নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
42

নিজস্ব সংবাদদাতাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা পৌর শাখার উদ্যোগে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নির্বাচনী প্রচার ও প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পৌরসভার আইডিয়াল কলেজ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পৌর জামায়াতের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করেন।

পৌর ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক রিংকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নায়েবে আমীর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ মুজাহিদ মাসুম, পৌর আমীর মোজাম্মেল হক, সেক্রেটারি অপিয়ার রহমান ও শিক্ষাবিদ মাহমুদ আল হাসান প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুজ্জামান বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি নির্বাচনী প্রতীক নয় এটি ন্যায়, সততা ও জনগণের সেবার প্রতীক। আমাদের দায়িত্ব হলো জনগণের হৃদয়ে এই প্রতীকের প্রতি বিশ্বাস ও আস্থা সৃষ্টি করা। এজন্য সবাইকে দায়িত্বশীলভাবে মাঠে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মুজাহিদ মাসুম বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠনকে আরও গতিশীল করতে হবে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া-মহল্লায় কর্মীদের উপস্থিতি ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জনগণের সঙ্গে সংযোগই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

কর্মশালার শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ, ইতিবাচক ও জনবান্ধব প্রচারণা পরিচালনার আহ্বান জানান এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।