জলঢাকায় দাঁড়িপাল্লার বিলবোর্ড আড়াল করার চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ /
জলঢাকায় দাঁড়িপাল্লার বিলবোর্ড আড়াল করার চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী
48

নিজস্ব সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফীর আগে থেকে স্থাপিত দাঁড়িপাল্লার বিলবোর্ড আড়াল করে ধানের শীষ প্রতীকের বিলবোর্ড টাঙানোর চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে নীলফামারীর জলঢাকা পৌর শহরের আবু সাঈদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আবু সাঈদ (ট্রাফিক মোড়) চত্বরে আইনানুগভাবে ও আগে থেকেই দাঁড়িপাল্লা প্রতীকের একটি বিলবোর্ড টাঙানো ছিল। এ সময় ওই বিলবোর্ডের সামনে ধানের শীষ প্রতীকের আরেকটি বিলবোর্ড স্থাপনের চেষ্টা করা হয়, যাতে দাঁড়িপাল্লার বিলবোর্ডটি আড়াল হয়ে যায়। বিষয়টি নজরে এলে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা আপত্তি জানান এবং আগে টাঙানো বিলবোর্ডের দৃশ্যমানতা বজায় রাখার দাবি করেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘটনাস্থলে জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করে অপর পক্ষ এলাকা ত্যাগ করে পৌর শহরের পেট্রোল পাম্প এলাকায় অবস্থান নেয় এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে।

এবিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল বলেন, আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় বিশ্বাসী। আগে থেকে স্থাপিত প্রচারণা সামগ্রী আড়াল বা অপসারণের চেষ্টা অনাকাঙ্ক্ষিত এবং এ বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সময়োচিত হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।