জলঢাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে এমপি ওবায়দুল্লাহ সালাফী


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/০২/২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ /
জলঢাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে এমপি ওবায়দুল্লাহ সালাফী
110

নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় বিথী আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিথী আক্তার মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট উত্তরপাড়া এলাকার বাবুল ইসলামের মেয়ে। সে ব্র্যাক পরিচালিত একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল বিথী। মীরগঞ্জ পাঠানপাড়া বাজার এলাকায় নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ও সমবেদনা জানাতে নিহতের বাড়িতে যান নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।