জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫, ৮:২৮ অপরাহ্ণ /
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল
73

জয়পুরহাট প্রতিনিধি:

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখা।

রবিবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে শহরের কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, “আজকের এই দিনে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন ঘটেছিল। স্বাধীনতা হরণকারী সরকারের বিরুদ্ধে মানুষের রক্তাক্ত জবাব ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই ছিল সেই গণঅভ্যুত্থানের মূল সুর। বাংলাদেশের মানুষ আল্লাহর আইন অনুযায়ী শাসিত হতে চায়, সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেই।”

তিনি আরও বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে সারা দেশে গণঅসন্তোষের যে জোয়ার উঠেছিল, তা ছিল একনায়কতন্ত্র, ভোটাধিকার হরণ, বিচারহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের আত্মপ্রকাশ। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বলেই আজ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এডভোকেট মামুনুর রাশিদ, শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর আমীর মাওলানা ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থেকেছে এবং থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী আদর্শ রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে।

আইন-শৃঙ্খলা বাহিনী মিছিল ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে, ফলে শান্তিপূর্ণভাবে গণমিছিল সম্পন্ন হয়।