
মেহেরপুর জেলা সংবাদদাতাঃ
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান জেলার বিভিন্ন সেবামূলক ও সরকারি প্রতিষ্ঠানে মতবিনিময় সভা ও পরিদর্শন করেছেন। জনসেবা নিশ্চিত ও ভোগান্তি কমাতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা এবং সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম।
সংসদ সদস্য মেহেরপুর জেনারেল হাসপাতাল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং জেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে সেবার মান ও কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় কৃষকরা পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের দাবি জানালে এমপি তাজউদ্দিন খান তাদের আশ্বস্ত করে বলেন, কৃষকদের প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, জেলার সব কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র যেন কার্যকরভাবে সেবা দিতে পারে এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত থাকে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির লোডশেডিং ও গ্রাহক হয়রানির অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, কোনো নাগরিক যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এ উদ্যোগে জেলার সেবাখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার মতামত লিখুন :