চট্টগ্রামে সংঘবদ্ধ অপরাধ চক্রের পতন, পুলিশের অভিযানে গ্রেফতার রাব্বি


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/০৯/২০২৫, ২:৩০ পূর্বাহ্ণ /
চট্টগ্রামে সংঘবদ্ধ অপরাধ চক্রের পতন, পুলিশের অভিযানে গ্রেফতার রাব্বি
56

নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আলিশাহ নগর বন্দরটিলা কাঁচাবাজার এলাকার অন্ধকার গলি থেকে কুখ্যাত ছিনতাইকারী ও অপহরণচক্রের সক্রিয় সদস্য ইমন রাব্বি (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে স্থানীয়ভাবে ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল।

গত মঙ্গলবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান। অভিযানে নেতৃত্ব দেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামির হোসেন জিয়া এবং অংশ নেন এসআই মোঃ আরিফ হোসেন ও এএসআই আব্দুল কাদেরসহ ফোর্স।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেছে, সে একটি সংঘবদ্ধ অপহরণ ও ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার আরও এক সহযোগী জিসানকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে মামলা নং-০৫, তারিখ ২৩/০৯/২০২৫, দণ্ডবিধির ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিলে চক্রটির পুরো কার্যক্রম উন্মোচিত হবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এদিকে দীর্ঘদিনের ত্রাস রাব্বির গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এ গ্রেফতার পুরো চক্র ভেঙে দেওয়ার পথ তৈরি করেছে এবং তারা চান আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখুক।