
জেলা পরিষদের উদ্যোগে শহীদদের স্মরণে তিনটি সেরা আইডিয়া বাস্তবায়ন
আবুল কালাম, নেত্রকোণা সংবাদদাতা:
জুলাই বিপ্লবে শহীদ পরিবারগুলোর স্মৃতি ধারণ ও সংরক্ষণের উদ্দেশ্যে নেত্রকোণা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছিল “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রাপ্ত অসংখ্য প্রস্তাবের মধ্য থেকে তিনটি সেরা আইডিয়া নির্বাচিত হয় শহীদদের জন্য দোয়া ও খাবার বিতরণ, শহীদদের নামে বৃক্ষরোপণ, এবং শহীদদের নামে রাস্তার নামকরণ।
৩৬ জুলাই ২০২৫ তারিখে কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ (৪ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোঃ কামরুল হুদা, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামীমা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন “টিম জুলাই”–এর সদস্যরা: দলনেতা সাঈদ মিয়া, সদস্য আতিকুর রহমান, ইনসান মিয়া, সাদেক মিয়াসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “জেলা পরিষদের এমন সৃষ্টিশীল উদ্যোগ জুলাই শহীদদের স্মরণীয় করে রাখবে এবং শহীদ পরিবারের জন্য গর্বের বিষয় হয়ে থাকবে।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোঃ কামরুল হুদা জানান, “জুলাই আন্দোলনে শহীদদের স্মরণীয় করে রাখতে আমরা এই আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করি। নির্বাচিত তিনটি আইডিয়া বাস্তবায়নে ‘টিম জুলাই’-এর সদস্যরা দিনরাত পরিশ্রম করেছেন। তাদের নিবেদন ও সৃজনশীলতাই এই কাজকে সফল করেছে।”
আপনার মতামত লিখুন :