অনলাইন পর্নোগ্রাফি গ্রুপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ /
অনলাইন পর্নোগ্রাফি গ্রুপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত
33

অনলাইন ডেস্কঃ

অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, তাদের এডমিন এবং অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ রবিবার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত জানান, গত শনিবার (১৮ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদটি একাধিক পত্রিকার অনলাইন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচনায় ফৌজদারী কার্যবিধির ১৯০(১)(সি) ধারায় সংবাদটি আদালতের নজরে আসে।

সংবাদ বিশ্লেষণে দেখা যায়, ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ভাইরাল ভিডিও, ব্যক্তিগত ছবি ও ভিডিও এবং অশ্লীল কনটেন্ট অর্থের বিনিময়ে শেয়ার করা হচ্ছে। এর মাধ্যমে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, হয়রানি ও প্রতারণার ঘটনা ঘটছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রকাশিত সংবাদে উল্লেখিত কর্মকাণ্ড পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০/৪১৯/৪০৬/৫০৬ ধারাসহ একাধিক আইনের লঙ্ঘন।

এ প্রেক্ষিতে আদালত ডিএমপি ও ডিবি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে নির্দেশ দেন একজন চৌকস ও দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগের জন্য। সেই কর্মকর্তা সংবাদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে অনলাইন পর্নোগ্রাফি গ্রুপ, এডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করবেন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

তদন্তকালে উদঘাটিত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করতে হবে বলেও নির্দেশ দেন আদালত। পাশাপাশি প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।