বিদেশে চাকরির প্রলোভন, কোটি টাকার প্রতারণা চক্রের মূল হোতা আটক


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৫/২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ /
বিদেশে চাকরির প্রলোভন, কোটি টাকার প্রতারণা চক্রের মূল হোতা আটক
45

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারকৃত স্বপন কুমার রায় (৪৮) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী এলাকার বাসিন্দা। তিনি একই উপজেলার খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

রোববার (৩ মে) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করার পর স্বপন কুমার রায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শুক্রবার (১ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) পিবিআই শচীন চাকমা জানান, সরাইল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে তিনি জানান, অভিযুক্তরা সুপরিকল্পিতভাবে বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করত। বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

পিবিআই সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে অস্ট্রেলিয়ার কথিত দুটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হয়। গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে বাদী ও তার আত্মীয়-স্বজনের বিকাশ নম্বর থেকে মোট ৬০ লাখ টাকা একাধিক কিস্তিতে আদায় করা হয়।

তদন্তে আরও জানা গেছে, স্বপন কুমার রায় প্রতারণা চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত কয়েকজন ব্যবসায়ী ও শিক্ষকের নামে তিনটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন এবং সংশ্লিষ্ট সিম নিজের নিয়ন্ত্রণে রেখে ওই অ্যাকাউন্টে টাকা গ্রহণ করতেন।

পিবিআই জানায়, এসব অ্যাকাউন্টে অন্তত ২৯ লাখ ৩২ হাজার ১৪১ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। পরে তিনি ও তার সহযোগীরা ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় তার এক সহযোগী জাবেদুল ইসলাম পলাতক রয়েছে।

এ বিষয়ে খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান বলেন, “স্বপন কুমার রায়ের গ্রেপ্তারের বিষয়টি লোকমুখে শুনেছি। রোববার তিনি বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।”