
নিজস্ব সংবাদদাতাঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিরোধী দলের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। একই সঙ্গে তারা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত, জুলাই সনদের বাস্তবায়ন, বাজেট বৈষম্য দূরীকরণ এবং দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্য নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। ‘দেশ গড়বে নতুন শক্তি, এগিয়ে যাচ্ছে এনসিপি; দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়নের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় র্যালিটি মিলিত হয়।
উপজেলা যুবশক্তির আহ্বায়ক আহসান হাবীব রক্সির সঞ্চালনায় ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জেলা জামায়াতের মিডিয়া সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির কামরুজ্জামানসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন এমপি বলেন, “তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, জুলাই সনদের বাস্তবায়ন, বাজেট বৈষম্য দূর করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।”
সভায় তিনি আবু সাঈদ লিয়নকে উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নেতাকর্মীদের তাঁর পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :