বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা, মামলা দায়ের


Rastrerkotha প্রকাশের সময় : ১১/০৬/২০২৬, ৬:০৭ অপরাহ্ণ /
বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা, মামলা দায়ের




খোরশেদ আলম, যশোর সংবাদদাতাঃ

যশোরের বেনাপোলে বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত সেন্টুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে শার্শার দিকে যাচ্ছিলেন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে।

পরে তারা রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, “আমি প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। কাগজপুকুর বাজারে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা ঝন্টু ও তার সহযোগীরা আমার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়।”

তিনি আরও জানান, সকালে তার সেজো ভাইকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনাকে ঘিরে শার্শা থানায় সালিস হওয়ার কথা ছিল।

এ ঘটনার পর শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”