
রাষ্ট্রের কথা অনলাইন ডেস্কঃ গত বছরের ১৪ জুলাই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেদিন বিকালে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ‘রাজাকারের নাতিপুতি’ বক্তব্যের প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল শিক্ষার্থীরা।
সেদিন বিক্ষোভে ফেটে পড়া সেই শিক্ষার্থীদের কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। হাসিনার সেই ‘রাজাকারের নাতিপুতি’ বক্তব্যের জবাবে শিক্ষার্থীরা পাল্টা স্লোগান ধরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’।
দিনটিকে স্মরণ করে সোমবার (১৪ জুলাই) রাতে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী রাজপথে নেমে সেই স্লোগানে মিছিল করেন।
সংবাদ সম্মেলনে কোটা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সেদিন হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?’
হাসিনার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এর প্রতিক্রিয়ায় সেদিন রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধ্যরাতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরবর্তীতে ছাত্র-জনতার সেই বিক্ষোভ শেষ হয় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজকের এই প্রতীকী মিছিলে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’; ‘ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’; ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি স্লোগান দেন তারা। প্রতীকী মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :