
রাষ্ট্রের কথা ডেস্ক:
“খুলে যাবে সম্ভাবনার অযুত দুয়ার, জলঢাকা হবে জনতার” এ স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
মাওলানা সালাফী ১৯৭২ সালে জলঢাকার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা ডাঙ্গাপাড়া (সরদারপাড়া) গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব রিয়াজ উদ্দিন সরদার ছিলেন এলাকার জামে মসজিদ ও এবতেদায়ী মাদরাসার সভাপতি।
শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে। পরবর্তীতে চেংমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজারহাট কাবাদি রহমানিয়া আলিম মাদরাসা থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ১৯৮৮ সালে দাখিল এবং ১৯৯০ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া কারামতিয়া আলিয়া মাদরাসা থেকে হাদীসে কামিল এবং পেশাগত উন্নয়নের জন্য এম.এড ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের পর তিনি ব্যবসা-বাণিজ্য পরিচালনার পাশাপাশি রংপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে লেখা ও সম্পাদনায় তার পঞ্চাশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে।
অধ্যয়নকাল থেকেই মাওলানা সালাফী রাজনীতির সঙ্গে যুক্ত। সপ্তম শ্রেণিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে দ্রুত নেতৃত্বের পর্যায়ে ওঠেন। তিনি শিবিরের জলঢাকা উপজেলা সভাপতি, রংপুর মহানগর সভাপতি, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নীলফামারী জেলা জামায়াতের মজলিশে শুরার সদস্য।
তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন প্রতিরোধ আন্দোলন এবং ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনের বিরোধিতায় সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার কারাভোগও করেছেন।
রাজনীতি ছাড়াও সমাজসেবায় তার সরব উপস্থিতি রয়েছে। দুঃস্থ রোগীর চিকিৎসা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পরিচালনায় তিনি সক্রিয়। নর্থবেঙ্গল কিন্ডারগার্টেন সোসাইটি, নর্থভিউ এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আল-মিজান ট্রাস্টসহ একাধিক ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। এছাড়া রংপুরের খ্যাতনামা কোচিং সেন্টারের প্রধান পৃষ্ঠপোষকও তিনি।
একজন সৎ, নির্ভীক ও নৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জলঢাকাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি আধুনিক এলাকায় রূপান্তরের অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :